ভাগ্নেকে পিটিয়ে হত্যা:প্রধান আসামি মামাসহ চারজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ১০৯ বার পড়া হয়েছে

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নেকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মামাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।রোববার (২৪ জুলাই)রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব ১৩।সোমবার(২৫ জুলাই)দুপুরে রংপুর নগরীর আলমনগরে র্যাব-১৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম।গ্রেপ্তারকৃতরা হলেন,মামলার প্রধান আসামি ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের শের আলী ওরফে হানিফ (২০),একই এলাকার সুরিতা বেগম(৪৫), জেলার জলঢাকার কালীগঞ্জ এলাকার ফকির উদ্দিন(২৬) ও মালেকা বেগম(২১)।র্যাব ১৩ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম জানান,বেশ কিছুদিন ধরে জমির সীমানা(দুই শতাংশ জমি)নিয়ে শের আলীর সঙ্গে তার ভগ্নিপতি মনোয়ার হোসেন ও ভাগ্নে খালেদ মাসুমের(১৮)বিরোধ চলে আসছিল।গত ২০শে জুলাই সকালে পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে উভয়পক্ষের লোকজন নিয়ে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।সালিশ শেষে শের আলীসহ তার পক্ষের লোকজন ইউনিয়ন পরিষদ থেকে আনুমানিক দুপুর দুইটার দিকে বাড়িতে ফেরার পথে ফেডারেশন বাজার এলাকায় ভাগ্নে মাসুমের দেখা হলে দুইপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়।র্যাবের এই কর্মকর্তা বলেন,এক পর্যায়ে আসামিরা খালেদ মাসুমকে কিল ঘুষি মারতে থাকেন।হঠাৎ সেখানে শের আলী একটি কাঠের লাঠি দিয়ে মাসুমের ঘাড়ে একাধিক আঘাত করলে এতে মাসুম গুরুতর আহত হন।পরে স্থানীয়দের সহযোগিতায় মাসুমকে ডিমলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে এ ঘটনায় মাসুমের বাবা মনোয়ার হোসেন বাদি হয়ে ওইদিন রাতে ডিমলা থানায় হত্যা মামলা করেন।যার মামলা নম্বর-২৭,তারিখ ২০/৭/২০২২ইং।এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ এর একটি দল অভিযান চালিয়ে তেঁতুলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে,আসামি শের আলী ওরফে হানিফ অপর আসামিদের সহায়তায় খালেদ মাসুমকে হত্যার দায় স্বীকার করেছেন।


























