নগরীর ধান গবেষণা সড়কে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই আহত
- আপডেট সময় : ১২:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯ ২৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার বরিশাল নগরীর ধান গবেষণা সড়কে মাদাকাসক্ত ছোট ভাইয়ের হামলায় আহত হয়েছেন বড় ভাই। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ফজলুর রহমান রানুর শরীরের একাধিক স্থান জখম হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে ওই এলাকার চেয়ারম্যান বাড়িতে।
ফজলুর রহমান রানুর স্বজনদের অভিযোগ- তার আপন ছোট ভাই মনির মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং নিজেও মাদক সেবন করেন। পাশাপাশি নিজের ঘরে নারী রেখে দেহ ব্যবসা করাচ্ছেন। এই বিষয়টি সম্প্রতি পুলিশ প্রশাসনকে অবহিত এবং প্রতিবাদ করার মনির ক্ষুব্ধ হন।
স্বজনেরা জানায়- সেই ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে মনির বড় ভাই রানুর ওপরে হামলা করে। এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় রক্তাক্ত অবস্থায় রানুকে উদ্ধার করে শেবাচিমে নিয়ে যাওয়া হয়।
পরে খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এই অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ জানিয়েছে- এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


























