পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল
বরিশালে পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল
- আপডেট সময় : ০২:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থানে পড়ে থাকা ৯টি ককটেল ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে পুলিশ। পরে ককটেলগুলো উদ্ধার করতে ডাকা হয় বোমা ডিসপোজাল ইউনিটকে।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় টরকী পানভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী স্থানে ককটেলসদৃশ বস্তুগুলো দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়। পরে দুপুর সোয়া ২টার দিকে এসআরবি খুলনা-৬-এর বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ৯টি ককটেল উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। পরে বোমা ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
পরিত্যক্ত স্থানে এসব ককটেল কারা এবং কী উদ্দেশ্যে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।












