মায়ের লাশ দাফনে দুই ছেলের বাধা, জানা গেল যে কারণ
- আপডেট সময় : ০৫:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ২৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি লিখে না দেওয়ায় মায়ের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার চাপাইর এলাকার বড়কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লালভানু বেগম ওই গ্রামের মৃত আজিমুদ্দিনের স্ত্রী। বৃহস্পতিবার সকালে তিনি মারা গেলে দাফনের সময় ছেলেদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, লালভানু কয়েক বছর আগে বড় ছেলে বাদশা মিয়ার দুই ছেলে সানোয়ার ও ফারুককে ৩৬ শতাংশ জমি দলিল করে দেন। বিষয়টি ছোট দুই ছেলে আব্দুর রশিদ ও রফিকুল ইসলাম জানতে পেরে তার মাকে নানাভাবে চাপ দিয়ে জমিটি ফেরত নেয়ার চেষ্টা করেন। কিন্তু লালভানু এই বিষয়টি নিয়ে ছোট দুই ছেলের সঙ্গে রাগ করে এক সপ্তাহ আগে বড় ছেলে বাদশা মিয়ার বাড়িতে চলে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে বুধবার ছোট দুই ছেলে তাকে দেখতে যান।
বৃহস্পতিবার সকালে তিনি মারা গেলে ছোট দুই ভাই মাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলেন। এ সময় তারা লালভানু বেগমকে দাফন করতে বাধা দেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু সেখানে যান। পরে তিনি নিহতের ছেলেদের বুঝিয়ে মীমাংসা করতে না পেরে বিষয়টি কালিয়াকৈর থানায় অবহিত করেন। এরপর কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম ঘটনাস্থলে যান। সেখানে দুই পক্ষের কথা শুনে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
ইউপির চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু বলেন, লাল ভানু বেগমের যথেষ্ট বয়স হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। সকালে তিনি মারা গেছেন। তবে তার ছোট দুই ছেলের অভিযোগ ঠিক না। তারা অমানবিক কাজ করে নিহত বৃদ্ধাকে মর্গে পাঠিয়েছেন।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, এক পক্ষের অভিযোগ থাকায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

























