চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা
- আপডেট সময় : ০৪:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে থানার ওসি পুরস্কার ঘোষণা করেছেন। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে ওই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি ও চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এলাকায় সংঘটিত একাধিক চুরির ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছবিতে থাকা এক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পায়। ঘটনার পর থেকে ওই ব্যক্তি আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবিতে থাকা ব্যক্তির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে কিংবা তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে।



















