শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শপথের ভিডিও ছড়িয়ে পড়েছে
শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শপথের ভিডিও ছড়িয়ে পড়েছে
- আপডেট সময় : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

:আগামী ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ লক্ষ্য অর্জনে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তাঁরা। শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, একটি কাশবনের পাশে স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়েছেন। সেখানে চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন।
শপথে নেতাকর্মীরা বলেন, ‘আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধুকন্যার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে, স্বাধীনতাবিরোধীদের হাত থেকে, শেখ মুজিবের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















