ভান্ডারিয়া পৌর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ব্যবসায়ীদের শেষবারের মতো সতর্কবার্তা
ভান্ডারিয়া পৌর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ব্যবসায়ীদের শেষবারের মতো সতর্কবার্তা
- আপডেট সময় : ০৩:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া পৌর বাজারের ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসন এবং বাজারের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্পূর্ণ বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসান। এ সময় ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারীদের প্রথম ও শেষবারের মতো সতর্ক করে দেন তিনি। পরবর্তীতে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
সোমবার (২ নভেম্বর ২০২৬) তিনি ভান্ডারিয়া পৌর বাজারের বিভিন্ন সড়ক, ফুটপাত ও গুরুত্বপূর্ণ স্থান সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা, পণ্যসামগ্রী সাজিয়ে ব্যবসা পরিচালনা এবং সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি ব্যবসায়ীদের নির্ধারিত দোকানের সীমানার মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেন। একই সঙ্গে ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, জনসাধারণের চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। আজকের সতর্কবার্তাকে শেষ সুযোগ হিসেবে বিবেচনা করে সবাইকে নিজ নিজ দায়িত্বে ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান। অন্যথায় পরবর্তী সময়ে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, ভান্ডারিয়া পৌর বাজারের যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ভুবনেশ্বর ব্রিজ ও উত্তরপাড় ঢালে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব স্থানে যানবাহন পার্কিংয়ের কারণে চলাচলে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে পৌর বাজারকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা, ফুটপাত পথচারীদের ব্যবহারের উপযোগী করা এবং যানজটমুক্ত স্বাভাবিক চলাচল নিশ্চিত করা।
বাজারের ব্যবসায়ী, অটো চালক, পথচারীসহ সর্বস্তরের জনগণকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি ভান্ডারিয়া পৌর বাজারের শৃঙ্খলা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।














