তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
- আপডেট সময় : ১২:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ খাত চরম সংকটময় অবস্থায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, মূলত অযোগ্য মন্ত্রীদের ব্যর্থতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন ব্যর্থতা নিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।
তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, “নয়তো এদেশের আপামর জনসাধারণ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে।”
শনিবার দিনব্যাপী ঝালকাঠি শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ঝালকাঠি জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মু. হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম এবং ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিম। সম্মেলন সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মদ ফরিদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল আরও বলেন, জামায়াতে ইসলামীর রুকনদের আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। দুনিয়ার জীবন আমাদের আসল ঠিকানা নয়, পরকালই আমাদের আসল ঠিকানা। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সেই স্থায়ী জীবনের জন্যই প্রস্তুতি নেন।
তিনি রুকনদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সংগঠনকে মজবুত করার মাধ্যমেই সকল ষড়যন্ত্র মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করতে হবে আমাদের অন্যতম দায়িত্ব।
সম্মেলনে অন্যান্য বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না ঘোষণা দিলেও ইতোমধ্যে কুরআনবিরোধী হেবা আইন পাস করেছে। আইনমন্ত্রীর “কুরআনকে সংবিধান হিসেবে মানব না বা মানা ঠিক হবে না”—এমন মন্তব্যকে কুরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা বলে আখ্যায়িত করেন তারা।
বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এ কারণে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান তারা।





















