১০ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বিএনপি -জামায়াত সংঘর্ষে আহত জীবননগরের বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরের ঢাকায় চিকিৎসা রত অবস্থায় মৃত্যু হয়েছে।একই হামলায় ঘটনাস্থলে বড় ভাই জামায়াত নেতার আগেই মৃত্যু হয়েছিল।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমান(৪৫)’র মৃত্যু হয়। জীবননগর পৌর জামায়াতের পৌর যুব বিভাগের সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের আমির আরিফুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, মঙ্গলবার দুপর ১২টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উল্লেখ গত ২৮ ফেব্রুয়ারি ইফতার শেষে দু’ভাই জীবননগর উপজেলার হাসাদহ বাজারের দোকানে যাওয়ার পথে জমি সংক্রান্তের পূর্ব বিরোধের জেরে বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। আহতদের মধ্যে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান এবং তার ভাই জামায়াত কর্মী হাফিজুর রহমান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে বড় ভাই হাফিজুর রহমান মারা যান। এরপর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা মফিজুর রহমান টানা ১০ দিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার দুপুরে মারা যান।
এদিকে জামায়াতকর্মী ও জুয়েলার্স ব্যবসায়ী হাফিজুর রহমান হত্যার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ৯ জনকে আসামি করে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।মামলা দায়েরের পর জীবননগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট যৌথ অভিযানে বাঁকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান ও তার বাবা বিএনপির কর্মী জসিম উদ্দিন এবং হাসাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুস সালামকে গ্রেপ্তার করেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে মফিজুর রহমান মারা গেছেন বলে জানতে পেরেছি। তার বড় ভাইয়ের হত্যা মামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।