সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
- আপডেট সময় : ০৯:৪৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার (৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার। আগামী দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

























