ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ : দুই মামলায় আসামি ৪ শতাধিক
- আপডেট সময় : ০৮:৫৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২ ১১৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৪ শতাধিক নেতাকর্মীর নামে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ভোলা সদর মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম বাদী হয়ে পুলিশের ওপর হামলার এবং সেচ্ছাসেবকদল কর্মী হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। এতে ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে সেচ্ছাসেবক দলের কর্মী আ. রহিম হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে পাল্টা আরেকটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
জানা যায়, গতকাল রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হন।























