জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে একদিন ব্যক্তিগত গাড়ি বন্ধের দাবি
- আপডেট সময় : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২ ১০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
জ্বালানি সংকটের কারণে সপ্তাহে এক দিন ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছে পরিবেশবাদী ১০ সংগঠন। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
এ সময় তারা ব্যক্তিগত গাড়ি আমদানিতে কর বৃদ্ধি, ব্যক্তিগত গাড়িবান্ধব অবকাঠামো (এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার) নির্মাণ থেকে বিরত থাকা, ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিষিদ্ধের সুপারিশ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশে জ্বালানি তেল ও গ্যাসের সংকট উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ সংকট আরও বাড়বে। ব্যক্তিগত যানবাহনের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশের জ্বালানি সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে। এ ছাড়া এসব যানের কারণে জ্বালানি অপচয়, যানজট, শব্দ ও বায়ুদূষণ, দুর্ঘটনা বেড়েছে।
তাঁরা বলেন, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের মাধ্যমে জ্বালানির অপচয় রোধের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব রাখা এবং নগরীতে হেঁটে ও সাইকেলে যাতায়াতের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া পরিবেশবাদী সংগঠনগুলো হলো- পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ছায়াতল বাংলাদেশ, দ্য ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ (আইডব্ল্লিউবি), কারফ্রি সিটিস এলায়েন্স বাংলাদেশ, বাংলাদেশ ইউথ ক্লাইমেট নেটওয়ার্ক (বিওয়াইসিএন), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন, মানবাধিকার উন্নয়ন কেন্দ্র, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল ও ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল।























