সারা দেশে তাপপ্রবাহ থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত
- আপডেট সময় : ০৫:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ ১০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ॥ আগামীকাল বুধ ও পরশু বৃহস্পতিবার (২৭ ও ২৮ এপ্রিল) থেকে ঢাকাসহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। হ্রাস পাবে তাপপ্রবাহ। এ ছাড়া দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। উত্তরাঞ্চলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই মাসের প্রথমদিকে দেশের সব অঞ্চলে তাপমাত্রা কমে আসবে। এদিকে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২ মে থেকে সারা দেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২ থেকে ৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্র ঝড় এবং অন্যস্থানে ৩ থেকে ৪ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্র ঝড় হবার সম্ভাবনা রয়েছে।
মো. আজিজুর রহমান বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত সারা দেশে তাপমাত্রা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে উত্তরাঞ্চলে ও খুলনা বিভাগের চুয়াডাঙা ও যশোরসহ কোথাও কোথাও ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ প্রশমিত হবে। আগামীকাল ২৭ ও ২৮ এপ্রিল থেকে ঢাকাসহ উত্তরাঞ্চলে আরো বৃষ্টিপাত বাড়তে পারে। পরবর্তীতে মে মাসের ১ থেকে ৩ মে পর্যন্ত গরমের তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে ।
তিনি বলেন, বর্তমানে উত্তরাঞ্চলে এবং খুলনা বিভাগের কিছু জায়গায় তাপপ্রবাহ বইছে। ঈদের দিনসহ ৪ মে পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দেওয়া দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ১ থেকে ২টি তীব্র তাপ প্রবাহ এবং অন্যস্থানে ২-৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে, মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্র ঝড় এবং অন্যস্থানে ৩-৪ দিন হালকা/ মাঝারি কালবৈশাখী বা বজ্র ঝড় হবার সম্ভাবনা রয়েছে।























