ভান্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা
ভান্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ০৬:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌর বাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ১১ ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ভান্ডারিয়া পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। অভিযানে ভান্ডারিয়া থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
পথচারীদের কাছথেকে জানা গেছে, ভান্ডারিয়া পৌর বাজারের জেলা পরিষদ সুপার মার্কেট এর সামনে, তাফসির মাঠসংলগ্ন ফুটপাত, মাছ বাজার, সবজি বাজার, জুতার মার্কেট, পপুলার সড়ক ও ফলপট্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন একশ্রেণির ব্যবসায়ী। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। ফুটপাত দখলের কারণে পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল, যা জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছিল।
ঐতিহ্যবাহী ভান্ডারিয়া বাজারে দূরদূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারার অধীন চতুর্থ তফসিলের ৭ নম্বর ক্রমিকের অপরাধে ১০৯ ধারায় ১১ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, জনস্বার্থে পৌর বাজারের ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ যেন ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা গ্রহণযোগ্য নয়। বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ভান্ডারিয়া পৌর বাজারের ফুটপাত দখলমুক্ত হবে এবং ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় হবে।



















