জাঁকজমক আয়োজনে বরিশালে ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
জাঁকজমক আয়োজনে বরিশালে ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- আপডেট সময় : ১২:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে ‘৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বরিশাল অঞ্চল’-এর গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা-২০২৬।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মুহাম্মদ রাশেদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. জাকির হোসেন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। তারা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে নিজেদের প্রতিভা তুলে ধরার আহ্বান জানান।
উদ্বোধনী পর্ব শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলাধুলা শুরু হয়। বরিশাল অঞ্চলের বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন।














