টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল
টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল
- আপডেট সময় : ০৫:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

তাবলিগের দুই পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল বলেছেন, ‘তাবলিগের দুই পক্ষকে এক হতে হবে। টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি।’
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঝালকাঠির বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে তিন দিনব্যাপী জেলা ইজতেমার দ্বিতীয় দিনে তাবলিগের সাথীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি জামাল বলেন, ইসলামের শত্রু পশ্চিমা বিশ্ব। তাদের মোকাবিলায় বাংলাদেশের সব আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের আরাফার ময়দানে আড়াই লাখ নিমগাছ রোপণ করেছিলেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া টঙ্গীর ইজতেমা ময়দান ওয়াক্ফ করে দিয়েছিলেন। তাঁদের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব ইমামের প্রতি সুদৃষ্টি দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
ঝালকাঠির জেলা ইজতেমা পরিদর্শনকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যুবায়ের তালুকদার মিসকাত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।



















