বরিশালে চাঁদা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া বিএনপি নেতার পদ স্তগিত
বরিশালে চাঁদা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া বিএনপি নেতার পদ স্তগিত
- আপডেট সময় : ০১:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি, তাঁকে মারধর এবং মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা মো. মাহবুব মোল্লার দলীয় পদ স্থগিত করা হয়েছে। তিনি মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর পদ স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে মাহবুব মোল্লার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে দলীয় কার্যক্রমে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঠিকাদার মো. রুস্তম হাওলাদারের করা মামলায় মাহবুব মোল্লা (৪৫), তাঁর ছেলে মো. মুবিন মোল্লা (২২) ও সহযোগী মো. সাকিব হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ঠিকাদারের কাছ থেকে নিয়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজের সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন রুস্তম হাওলাদার। গত ৭ নভেম্বর রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়ের কাছে কাজ অব্যাহত রাখতে তাঁর কাছে তিন লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় এবং প্রায় এক লাখ ১০ হাজার টাকা দামের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
তবে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন মাহবুব মোল্লা। তাঁর দাবি, ঠিকাদার রুস্তম হাওলাদারের কাছে তাঁর দুই লাখ টাকা পাওনা ছিল। সেই টাকা পরিশোধ না করায় মোটরসাইকেলটি নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে ঠিকাদারের মোটরসাইকেলও। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















