ঝালকাঠিতে মা ইলিশ ও জাটকা রক্ষায় অভিযান, ৪২ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ
ঝালকাঠিতে মা ইলিশ ও জাটকা রক্ষায় অভিযান, ৪২ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ
- আপডেট সময় : ০১:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির চার উপজেলায় মা ইলিশ ও জাটকা সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। দিনব্যাপী এ অভিযানে প্রায় ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) জেলার রাজাপুর, কাঁঠালিয়া, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ ও মা ইলিশ এবং জাটকা রক্ষায় দিনব্যাপী জেলার চার উপজেলায় মোট ১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে রাজাপুর উপজেলায় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ, কাঁঠালিয়া উপজেলায় ১০ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ এবং ঝালকাঠি সদর উপজেলায় ৭ হাজার মিটার জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়। এ ছাড়া নলছিটি উপজেলায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মা ইলিশ ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।




















