রাজাপুর ও ঝালকাঠির পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি জুলফিকার আলী
রাজাপুর ও ঝালকাঠির পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি জুলফিকার আলী
- আপডেট সময় : ০১:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজাপুর ও ঝালকাঠি শহরের বিভিন্ন কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি প্রথমে রাজাপুর ও পরে ঝালকাঠি শহরের প্রধান প্রধান মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
বিকেল সাড়ে ৩টার দিকে ডিআইজি রাজাপুর উপজেলা ‘শ্রীশ্রী হরি সভা কেন্দ্রীয় মন্দির’ পরিদর্শনে যান। সেখানে তিনি পূজা উদযাপন কমিটি ও উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলেন এবং উৎসব ঘিরে তাঁদের মতামত ও নানা বিষয়ের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. জুলফিকার আলী বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
পরবর্তীতে বিকেল ৫টায় তিনি ঝালকাঠি শহরের ঐতিহাসিক ‘শ্রী শ্রী মদনমোহন আখড়াবাড়ি মন্দির’ পরিদর্শনে যান। মণ্ডপ ঘুরে দেখার পর আয়োজকদের আশ্বস্ত করে ডিআইজি বলেন, “হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।”
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বাইজিদ ইবনে আকবর, রাজাপুর-কাঁঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস ও ঝালকাঠি সদর থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নির্মল চন্দ্র দে (তরুণী), সাধারণ সম্পাদক অলোক সাহা, রাজাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দেবনাথ, সাধারণ সম্পাদক গোপাল কর্মকারসহ স্থানীয় ধর্মীয় ও পূজা কমিটির নেতৃবৃন্দ।



















