নলছিটির দপদপিয়ায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
নলছিটির দপদপিয়ায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক উঠান বৈঠক ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি, প্রধান উপদেষ্টার ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি এবং সরকারি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণযোগাযোগ অধিদপ্তরের জিপিএমএস কর্মপরিকল্পনার (অক্টোবর-ডিসেম্বর ২০২৬) অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে দপদপিয়া ইউনিয়নের কালাম হাওলাদারের বাড়িতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা তথ্য অফিসের তথ্য অফিসার লেলিন বালা।
দপদপিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আবদুল কালাম হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দপদপিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাহিমা বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ ও ইশতেহার বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। এ সময় স্থানীয় কৃষকেরা ইতোমধ্যে কৃষি কার্ডের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারায় সরকারের এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া সমাবেশে ডেঙ্গু প্রতিরোধ, হাম-রুবেলা টিকাদান, মাদক নিয়ন্ত্রণ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, বাল্যবিবাহ বন্ধ, আত্মহত্যা প্রতিরোধ এবং সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে বিভিন্ন জনসচেতনতামূলক প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। সচেতনতামূলক এই নারী সমাবেশে এলাকার প্রায় দেড় শতাধিক (১৫০ জন) নারী-পুরুষ অংশগ্রহণ করেন।



















