রাজাপুরে বিষখালী নদীতে মোবাইল কোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড
রাজাপুরে বিষখালী নদীতে মোবাইল কোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড
- আপডেট সময় : ০১:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বিষখালী নদীতে এক অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। সোমবার (১২ অক্টোবর) রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে বিষখালী নদীতে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে সুগন্ধা ও বিষখালী নদীর সীমানা সংলগ্ন এলাকায় অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় ওই দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের মো: মান্নানের ছেলে মো: সুমন (৫৫) এবং একই গ্রামের মো: হানিফ মিয়ার ছেলে মো: রাজীব হোসেন (৪৫)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিষখালী নদীতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার রোধে এবং সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনি কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।



















