রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস, এমপি রফিকুল ইসলামের পরিদর্শন
রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস, এমপি রফিকুল ইসলামের পরিদর্শন
- আপডেট সময় : ০৯:২১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের বংশবৃদ্ধি সুরক্ষায় চালানো এক বিশেষ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৫ হাজার মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী রাজাপুরের বিভিন্ন নদ-নদীতে অভিযান পরিচালনা শেষে এসব জাল আগুনে ভস্মীভূত করা হয়।
অভিযান শেষে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ সময় তিনি ইলিশ রক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং অভিযান পরিচালনার দায়িত্বে থাকা প্রশাসন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ইলিশের প্রজনন সুরক্ষা শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে মা ইলিশ রক্ষায় সরকারি পদক্ষেপ বাস্তবায়নে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য স্থানীয় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
কর্মকর্তারা জানান, ইলিশের জাতীয় উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে যেকোনো ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরাসরি উপস্থিত থেকে দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা দেওয়ায় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালকে উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।




















