ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজা মণ্ডপের নিরাপত্তা বিধান, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং অগ্নিনিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা, মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার পৃথক পথ তৈরি, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং প্রতিমা বিসর্জনের সময় সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলার ওপর জোর দিয়ে সভায় জানানো হয়, নামাজের নির্দিষ্ট সময়ে পূজা মণ্ডপে বাদ্যযন্ত্র ও উচ্চ শব্দ বাজানো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি মণ্ডপ ও আশপাশের এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়। পূজা চলাকালে দর্শনার্থীদের নিরাপত্তা, বিশেষ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখার সিদ্ধান্ত হয়।
এ বছর ঝালকাঠি জেলার চার উপজেলায় মোট ১৬০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে—সদর উপজেলায় ৭২টি,কাঠালিয়া উপজেলায় ৪৭টি,নলছিটি উপজেলায় ২২টি
রাজাপুর উপজেলায় ১৯টি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জি এম শাহাবুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




















