দামুড়হুদায় দু'পরিবারের মারামারিতে আহত ফরিদের হাসপাতালে মৃত্যু
দামুড়হুদায় দু’পরিবারের মারামারিতে আহত ফরিদের হাসপাতালে মৃত্যু
- আপডেট সময় : ০২:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাশাপাশি বসবাসরত দু’পরিবারের মারামারিতে বাঁশের আঘাতে আহত একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে।
সোমবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে ফরিদুল ইসলাম(৪৫)’র মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিন রবিবার সন্ধ্যায় মেয়েদের ব্যবহৃত কাপড়ের নেকড়া পাশের বাড়ির পাশে পড়ে থাকাকে কেন্দ্র করে প্রতিবেশী মোঃ দুলাল হোসেনের সাথে ফরিদুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে দুলাল বাঁশ দিয়ে ফরিদুলের মাথায় আঘাত করলে ফরিদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রাতেই তাকে রাজশাহী নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





















