কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক
কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক
- আপডেট সময় : ০৬:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কথা কাটাকাটির জেরে সিফাত নামের এক যুবকের ছুরিকাঘাতে ইয়াসিন (১৯) নামের অপর এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মো. সিফাতকে হেফাজতে নিয়েছে কাঠালিয়া থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জমাদ্দারহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত ইয়াসিন জমাদ্দারহাট বাজারের মোহাম্মদ খোকনের ছেলে এবং অভিযুক্ত মো. সিফাত একই এলাকার মো. মাহমুদুল ইসলাম অরুণের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমাদ্দারহাট বাজারে কোনো একটি বিষয় নিয়ে ইয়াসিন ও সিফাতের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে সিফাত পকেট বা সাথে থাকা ছুরি দিয়ে ইয়াসিনকে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঠালিয়া থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্ত সিফাতকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।




















