ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নারের উদ্বোধন
ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নারের উদ্বোধন
- আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলা সদর হাসপাতালে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এনসিডি (অসংক্রামক রোগ) কর্নার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্নারের সেবাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ (অসংক্রামক রোগ) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এটি স্থাপন করা হয়েছে। বর্তমানে এই কর্মসূচির অধীনে দেশের ৩২৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫টি জেলা সদর হাসপাতালে এনসিডি কর্নারের মাধ্যমে রোগীদের বিশেষ সেবা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন , ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার ,ডা. শামীম জুবায়ের – ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি,ডা. টিএম মেহেদি হাসান সানি – আবাসিক মেডিকেল অফিসার, সদর হাসপাতাল।
(এছাড়াও হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।)
উদ্বোধনকালে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন,
“সদ্য চালু হওয়া এনসিডি কর্নারটি ঝালকাঠির উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে কাজ করছে।”
তিনি আরও বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্তকরণ, নিয়মিত চিকিৎসা ও সঠিক পরামর্শ নিশ্চিত করা জরুরি। এই কর্নারের মাধ্যমে ঝালকাঠির সাধারণ মানুষ আরও উন্নত সরকারি স্বাস্থ্যসেবা লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।












