নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র
নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র
- আপডেট সময় : ০৪:২৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে চলছে। গত ৫ জুলাই ২০২৬ নতুন পরিচালনা কমিটি গঠনের পর অল্প সময়ের মধ্যেই মসজিদটির পরিবেশ উন্নয়নে নেওয়া হয়েছে বেশ কিছু কার্যকর উদ্যোগ। এতে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি ও সন্তোষ।
মুসল্লিদের ইবাদতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেদিকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে মসজিদের টাইলস ফিটিং, প্রয়োজনীয় বৈদ্যুতিক কাজ এবং পর্যাপ্ত সংখ্যক ফ্যান স্থাপন করা হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে মসজিদের আরও উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পরিচালনা কমিটি।
মসজিদের নিয়মিত মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরেই মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর দ্রুততার সঙ্গে কাজ শুরু করায় তারা সন্তোষ প্রকাশ করেন।
একজন মুসল্লি বলেন, “মসজিদটি আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে যেভাবে উন্নয়নমূলক কাজ শুরু করেছে, তা প্রশংসার দাবি রাখে। আমরা আশা করি, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আরেক মুসল্লি বলেন, “আগে গরমের সময় নামাজ আদায়ের ক্ষেত্রে কিছুটা কষ্ট হতো। এখন প্রয়োজনীয় ফ্যান স্থাপনসহ বিভিন্ন কাজ হওয়ায় পরিবেশ অনেকটাই আরামদায়ক হয়েছে। মসজিদের উন্নয়নে যারা কাজ করছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই।”
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান মাসুম বলেন,
“এই কমিটি মসজিদের মুসল্লিদের মতামত ও পরামর্শের ভিত্তিতেই গঠন করা হয়েছে। তাই মসজিদের প্রতিটি উন্নয়নমূলক কাজ সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে করা হবে। মুসল্লিরা যাতে স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে মসজিদের আরও উন্নয়নমূলক কাজ করা হবে।”
তিনি মসজিদের উন্নয়ন কার্যক্রমে মুসল্লি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান মাসুম,সিনিয়র সহ সভাপতি মোঃ আরিফুল ইসলাম পলাশ, রহমতপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ জামাল হোসেন পুতুল, সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আকনসহ কমিটির অন্যান্য সদস্য ও বিপুলসংখ্যক মুসল্লি।
স্থানীয় মুসল্লিদের প্রত্যাশা, সকলের সম্মিলিত সহযোগিতায় মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং মসজিদটি ভবিষ্যতে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক ইবাদতের পরিবেশ হিসেবে গড়ে উঠবে।
শেষে মসজিদের উন্নয়ন, পরিচালনা কমিটির সদস্য ও মুসল্লিদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা শামসুল হক।



















