বানারীপাড়ায় সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, ইউএনওর নির্দেশনা
বানারীপাড়ায় সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, ইউএনওর নির্দেশনা
- আপডেট সময় : ০৬:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

বানারীপাড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও পৌরসভায় সপ্তাহে একদিন বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান।
সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নিজ দপ্তর উপজেলা পরিষদ থেকে এ কার্যক্রম শুরু করেছেন ইউএনও। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ অফিসকক্ষ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় তাঁরা নিজ হাতে ময়লা-আবর্জনা অপসারণ করেন।
পাশাপাশি উপজেলার সব স্কুল-কলেজ এবং পৌরসভা এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও পরিবেশ পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, দেশে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ প্রতিরোধে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, অফিস ও আদালত প্রাঙ্গণে প্রতি সপ্তাহে একদিন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। এর মূল উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের ভেতরে ও আশপাশে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত সামগ্রী অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার করতে হবে। ছাদ, বারান্দা, ফুলের টব, ড্রেন ও নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিদর্শন করে জমে থাকা পানি অপসারণের ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি অফিসগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় বানারীপাড়া উপজেলা পরিষদেও এ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে উপজেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও পৌরসভাকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।





















