ঝালকাঠিতে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস পালিত
ঝালকাঠিতে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস পালিত
- আপডেট সময় : ০৫:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

মরমী সাধক ও বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলাজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সুধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বাউল সম্রাট লালন সাঁইয়ের অনন্য জীবনদর্শন, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলা সংস্কৃতি ও সাহিত্য সাধনায় তাঁর কালজয়ী অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বসির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
আলোচনা সভা শেষে একই স্থানে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে লালন গীতি ও চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।





















