নলছিটিতে চালককে ধাক্কা দিয়ে অটোরিকশা ছিনতাই, আটক ২
নলছিটিতে চালককে ধাক্কা দিয়ে অটোরিকশা ছিনতাই, আটক ২
- আপডেট সময় : ১২:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে চলন্ত অটোরিকশা থেকে চালককে ধাক্কা দিয়ে ফেলে গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়নের ষাইটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে সুধাশং মাস্টারের বাড়ির সামনের পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতাপ গ্রামের মৃত আমজেদ আলী বেপারীর ছেলে মো. মজিবর রহমান (৬০) তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ঝালকাঠি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে অভিযুক্ত দুজন যাত্রীবেশে তাঁর অটোরিকশাটি ভাড়া করেন। গাড়িটি ষাইটপাকিয়া এলাকায় পৌঁছালে তাঁরা অসৎ উদ্দেশ্যে চালক মজিবর রহমানকে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেন এবং অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় চালক মজিবর রহমানের ডাক-চিৎকারে টহলরত পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীদের ঘিরে ফেলে। পরে পুলিশ অটোরিকশাসহ অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা এলাকার মো. জামাল সিকদারের ছেলে মুসফিকুর রহমান দিপু (২৩) এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বলইকাঠি এলাকার রশিদ হাওলাদার ওরফে সমির রায়ের ছেলে মো. হাবিব (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, “ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।”



















