বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস
বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস
- আপডেট সময় : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীসহ বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে ৭ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চরঘরা, বেহেন্দি ও চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
দেশীয় প্রজাতির মাছ ও জলজ সম্পদ রক্ষায় পরিচালিত বিশেষ এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মকবুল হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পাতা বিপুল পরিমাণ চরঘরা, বেহেন্দি ও ক্ষতিকর চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান, ক্ষতিকর এসব জালের ব্যবহারে পোনামাছ সহ সব ধরণের জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হয়। নদী ও জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে এবং মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরণের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ ও সচেতন মহল।



















