বরিশাল বিমানবন্দরে একের পর এক চুরি ও অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংরক্ষিত এলাকায় ঘাস কাটার নামে বহিরাগতদের প্রবেশ, রানওয়ের ড্রেনের লোহার জালি চুরির চেষ্টা এবং সর্বশেষ বৈদ্যুতিক ক্যাবল চুরিতে বাধা দেওয়ায় এক আনসার সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় নিরাপত্তা তদারকি ও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টায় বাধা দিলে মিঠু হালদার নামে এক আনসার সদস্যকে ঘাস কাটার কাচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় অভিযুক্ত রুহুল আমিনকে আটক করেন সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মীরা। আহত আনসার সদস্যকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর বিমানবন্দরের রানওয়ের ভেতরে ড্রেনের ওপর স্থাপিত লোহার রডের জালি চুরির চেষ্টা করা হয়। এ সময় ট্রলিসহ একজনকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজন পালিয়ে যান বলে জানা গেছে।
এ ছাড়া গত আগস্টে বরিশাল বিমানবন্দরের কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে চিহ্নিত গুরুত্বপূর্ণ সংরক্ষিত এলাকায় ঘাস কাটার অনুমতি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ ওঠে বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়ের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় কৃষকদের বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করে ঘাস কাটার সুযোগ দেওয়া হতো। এ সুযোগের বিনিময়ে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ ওঠে। তবে অর্থ গ্রহণের অভিযোগ অস্বীকার করে ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় জানিয়েছিলেন, স্থানীয় কৃষকদের অনুরোধে ফ্লাইট না থাকার সময়ে কয়েকজনকে ঘাস কাটার অনুমতি দেওয়া হয়েছিল। ভবিষ্যতে এভাবে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছিলেন।
একের পর এক চুরি ও বহিরাগতদের প্রবেশের ঘটনায় বিমানবন্দরের সংরক্ষিত এলাকার নিরাপত্তা কতটা নিশ্চিত, তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, সীমানাপ্রাচীরের নিচের কিছু অংশ ফাঁকা থাকায় সহজেই বহিরাগতরা ভেতরে প্রবেশের সুযোগ পাচ্ছেন। এতে ঘাস চুরির পাশাপাশি বিমানবন্দরের বিভিন্ন যন্ত্রাংশ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল, বৈদ্যুতিক তার ও টেলিফোন লাইনের ক্যাবল চুরির ঝুঁকি তৈরি হচ্ছে।
এ বিষয়ে বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা ইনচার্জ মনমথ সরকার জানান, সীমানাপ্রাচীরের নিচ দিয়ে অনেক সময় বহিরাগতরা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে সামগ্রিক নিরাপত্তাব্যবস্থায় তেমন ঘাটতি নেই বলে দাবি করেন তিনি। একের পর এক চুরি ও বহিরাগতদের প্রবেশের ঘটনায় নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কিছুটা সম্মতি প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, এসব ঘটনায় শুধু অভিযুক্ত ব্যক্তিদের আটক করলেই হবে না; চুরির পেছনে কোনো যোগসাজশ, দায়িত্বে অবহেলা কিংবা নিরাপত্তা তদারকির ঘাটতি রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে। একই সঙ্গে বিমানবন্দরের ব্যবস্থাপক ও নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে বক্তব্য জানতে বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.