ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওসিকে ওই নেত্রীকে নিজের বাংলোতে আসার জন্য সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করতে বলার পাশাপাশি দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও মামলা দেওয়ার প্রসঙ্গে কথা বলতে শোনা যায়।
ফাঁস হওয়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে তাসকিরা তানিন সনিকে দ্রুত নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। এ জন্য যত টাকা লাগে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসতে বলেন তিনি।
এ সময় কোনো সমস্যা হবে কি না, জানতে চান তাসকিরা। জবাবে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে তাসকিরা তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসিকে মনঃক্ষুণ্ন হতে শোনা যায়। এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় জড়ানোর বিষয়েও দুজনের কথোপকথন রয়েছে অডিওতে।
এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসির সঙ্গে তার কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন। এমনকি তাকে আলিঙ্গন করার অনুরোধও জানিয়েছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তার করতে ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.