আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় সৈয়দা জামিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করা হবে। যারা বিগত দিনে দলের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং দলের প্রতি ত্যাগ ও অবদান রয়েছে, তাদের নাম প্রস্তাব করার আহ্বান জানান তিনি। এ সময় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কারও নাম প্রস্তাব না করার কথাও উল্লেখ করেন। উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে বলে জানান তিনি।
সভায় চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আল আমিন, সৈয়দ রেজাউল করিম, জিএম মোরশেদ, জিয়াউল হাসান বাপ্পি, মীর আহসান কবির, সোহেল মুন্সী, ইকবাল হাসিব তালুকদার ও দুলাল হাওলাদারের নাম প্রস্তাব করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক।
১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান কবিরের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাছাই এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান চপল, সহসভাপতি আজিজুর রহমান বসির, চন্দন পোদ্দার ও মাহামুদ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত মল্লিক ও মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল আজিজ এবং বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম রফিক সরদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.