বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী থেকে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের নিজ বাড়ি থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে। বরিশাল বিমানবন্দর থানায় দায়ের করা নাশকতার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, ১৯ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং যান চলাচলে বাঁধা সৃষ্টি করা হয়। এ ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় কামাল হোসেনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে মুলাদী থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক
তরিকুল ইসলাম হিরণকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরডিক্রী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম হিরণ (৪২) চরডিক্রী গ্রামের মৃত সুলতান আহমেদ আকনের ছেলে। তাঁর বিরুদ্ধে গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে বিএনপির একটি জনসভার মঞ্চ ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইন ও পুরোনো মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল ইসলাম হিরনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.