ঝালকাঠি সদর উপজেলার ৬ নম্বর বাসন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের চামটা এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ধারাখানা, দারখী, বেতলোচ, চৌপালা, আগরবাড়ী ও কৃষ্ণকাঠিসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। এতে মোটরসাইকেল নিয়ে প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রাকালে নেতাকর্মীরা সাইদুল ইসলামের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে তাঁর পক্ষে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এ সময় বিভিন্ন স্থানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থী ও তাঁর সমর্থকেরা। পাশাপাশি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়।
শোভাযাত্রা শেষে বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।’ তিনি বলেন, নির্বাচিত হলে বাসন্ডা ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলা এবং মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন।
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে সাইদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৩ ও ২০২৪ সালে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং তাঁকে কারাভোগ করতে হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বাসন্ডা ইউনিয়নের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি অবাধ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এলাকার মানুষের পাশে থেকে তাঁদের প্রত্যাশা পূরণ করাই তাঁর মূল লক্ষ্য উল্লেখ করে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. কবির মোল্লা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমঙ্গীর হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল অনু এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোভাযাত্রাকে কেন্দ্র করে বাসন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.