বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জলিল আকন (৩৫) নামের এক ভুঁইফোড় অনলাইন পোর্টালের সম্পাদককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন চাঁদমারী খেয়াঘাট রোড এলাকার গাজী সমিল থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল জলিল আকন পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের মৃত মইনুদ্দিন আকনের ছেলে। তিনি বর্তমানে বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় ভাড়া থাকেন। তার কাছ থেকে উদ্ধার করা একটি প্রেস কার্ডে তাকে আজকের মানবজমিন নামের একটি অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে তার নিকট থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সচেতন মহলের মতে, ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও ভুয়া পরিচয়ের আড়ালে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অপরাধীরা গণমাধ্যমের নাম ব্যবহার করায় পুরো খাতটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। সমাজ ও সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় এ ধরনের ভুয়া পোর্টাল এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.