কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা আনন্দ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৯, ১১ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
নাম উল্লেখ করা আসামিরা হলেন—বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য গোলাম কিবরিয়া রিজন, রাসেল, আব্দুল মান্নান সন্যামত, সুমন হাওলাদার ওরফে ‘কবুতর সুমন’, লিটন মিত্র, জোবায়ের রহমান, জিন্নাহ মীর, সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম, হাদিস মীর এবং জামাল হাওলাদার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে নগরীর পুলিশ লাইন্স রোডের এন হোসেন ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সেখান থেকে সরে যান। পুলিশ ধাওয়া করেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তবে পরবর্তী সময়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.