: ঝালকাঠির নলছিটিতে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলাটি দায়ের করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ সময় তাঁর স্বজন ও সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোহেল হাওলাদার (২৭), পিতা মজিদ হাওলাদার, সাং ভরতকাঠি; মিল্টন হাওলাদার (২০), পিতা মজিবুর রহমান, সাং ভরতকাঠি; শহিদুল ইসলাম (২৮), পিতা মোবারক খলিফা, সাং গৌরীপাশা; রুবেল মৃধা (৩০) ও রাকিব মৃধা (২৫), উভয়ের পিতা জাহাঙ্গীর মৃধা, সাং দপদপিয়া; সেলিনা বেগম (৫৫), স্বামী নুর মোহাম্মদ, সাং দপদপিয়া, থানা নলছিটি, জেলা ঝালকাঠি এবং রাশেদ মৃধা, পিতা মৃত মালেক মৃধা, সাং বাদল, থানা বাবুগঞ্জ, জেলা বরিশাল।
এদিকে ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতির ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মূল আসামি সিরাজুল ইসলামসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.