দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের ভলকানাইজিং মেশিন দিয়ে এক শিশুর (৮)পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শিশুটির পায়ুপথ ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। শিশুটি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দোকান মালিক আফজাল হোসেনের বিরুদ্ধে শিশুটির পিতা ঘোড়াঘাট থানায় এজাহার দায়ের করেছেন। আফজাল হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় মোঃ শফিকুল ইসলাম শুক্রবার (৬ নভেম্বর)ঘোড়াঘাট থানায় মোঃ আফজাল হোসেন ও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেন। থানা পুলিশ ওই দিনই দোকান মালিক আফজাল হোসেনকে গ্রেফতার করে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের ডুগডুগীহাট বাজারে অভিযুক্ত আফজাল হোসেনের ভলকানাইজিং দোকানে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই দিন শিশুটির পায়ুপথ দিয়ে হাওয়া মেশিনের মাধ্যমে বাতাস প্রবেশ করানো হয়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
শিশুটির বাবা মোঃ শফিকুল ইসলাম জানান, ছেলের মুসলমানি উপলক্ষে গত ২৫ অক্টোবর শ্বশুরবাড়ি চৌরিয়া গ্রামে আসেন তিনি। ২৬ অক্টোবর ছেলের মুসলমানি সম্পন্ন হওয়ার পর ২৭ অক্টোবর তিনি ঢাকায় ফিরে যান। এরই মধ্যে ২ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরের মাধ্যমে ছেলের অসুস্থতার খবর পান। পরে শিশুটিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবার দাবি, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের মাধ্যমে শরীরের ভেতরে বাতাস থাকার বিষয়টি জানতে পারেন তারা। পরে শিশুটির কাছে জানতে চাইলে অভিযুক্ত আফজাল হোসেনের দোকানে হাওয়া মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস প্রবেশ করানোর বিষয়টি জানা যায়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে এমন কাজ করার অভিযোগও করেছেন তিনি।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানায়, এই বিষয়ে মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.