দর্শনা ডিলাক্স' ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
- আপডেট সময় : ১২:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলতে গিয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের রেলিং ভেঙে পাশের পানিভর্তি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান/শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়েই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৩ জনের নিথর দেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তিনি হলেন চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুই নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী গুরুতর ও সাধারণ আহত হয়েছেন। উদ্ধারকারী দল ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ১১ জনকে চিকিৎসার জন্য দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া সামান্য আহত ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত যাত্রীরা মূলত চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা। আহতরা হলেন চুয়াডাঙ্গার হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), সন্দীপন বসু (৪০), অনিফিন (১৭) এবং বোরহান উদ্দিন (৫৫)।
জীবননগরের ইমরান (২৭), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮) ও হাসিব (২২)।
মেহেরপুরের গিলবাড সরকার (৫৫) ও তরিকুল ইসলাম (৩৬)।
ঝিনাইদহের রফিকুল ইসলাম (৩৫) ও তিশা (২৪)।
মাগুরা সদরের রায়হান (২১) এবং ঢাকার আফতাবনগরের ইকরাম (৪০)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গভীর রাতে দর্শনা ডিলাক্সের বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা চালান বাসচালক। এসময় বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের শক্তিশালী সুরক্ষা রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে রাস্তার পাশের গভীর পানিভর্তি খাদে পড়ে যায়।
























