ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার
- আপডেট সময় : ০১:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ এবং এ রোগের ঝুঁকি কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। একই সঙ্গে ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি ডায়াবেটিক সমিতির আয়োজনে সমিতির সভাকক্ষে নির্মাণাধীন সৈয়দ মোয়াজ্জেম জেনারেল ও ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্তদের একটি বড় অংশই জানেন না যে তাঁরা এ রোগে ভুগছেন। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা জরুরি। রোগের জটিলতা দেখা দেওয়ার আগেই ডায়াবেটিস শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।
তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ‘থ্রি ডি’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হলো ডিসিপ্লিন (শৃঙ্খলা), ডায়েট (সুষম খাদ্যাভ্যাস) ও ড্রাগ (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ)। নিয়মতান্ত্রিক জীবনযাপন, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সরকার স্বাস্থ্যসেবাকে আরও প্রতিরোধমূলক ও জনমুখী করতে চায়। শুধু রোগ হওয়ার পর চিকিৎসা দেওয়ার পরিবর্তে রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা জোরদার এবং স্বাস্থ্য হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ দেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। মোট মৃত্যুর প্রায় ৭১ থেকে ৭৩ শতাংশ অসংক্রামক রোগের সঙ্গে সম্পর্কিত। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নেই। মানুষকে সচেতন করে স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত করতে পারলে এসব রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে তিনি হাসপাতালটির উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার।
ঝালকাঠি ডায়াবেটিক সমিতির সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















