মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণে ঝালকাঠির কাঠালিয়া পয়েন্টে বিষখালী নদীতে এক শক্তিশালী ও সমন্বিত অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) নদীর কাঠালিয়া অংশে দিনভর এই যৌথ অভিযান ও টহল পরিচালিত হয়।
অভিযানে মাঠপর্যায়ে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক এবং মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস। অভিযানে আরও অংশ নেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু এবং বেতাগী উপজেলা মৎস্য দপ্তরের একটি বিশেষ দল।
মৎস্য অধিদপ্তরের যৌথ টিম অত্যন্ত তৎপরতার সঙ্গে বিষখালী নদীর আওরাবুনিয়া, জাঙ্গালিয়া, বড়ইয়া এবং নিয়ামতি এলাকার বিভিন্ন পয়েন্টে স্পিডবোট ও ট্রলার নিয়ে টহল ও অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নদী থেকে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ ইলিশ ধরার জাল জব্দ করা হয়। এ ছাড়া জব্দ করা হয় প্রায় ১০ কেজি মা ইলিশ।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছগুলো স্থানীয় একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যেন নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে মৎস্য দপ্তরের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.