বরিশাল নগরীর চৌমাথা এলাকায় অবৈধভাবে সড়ক দখল করে গড়ে ওঠা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ও হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।
রোববার (১১ অক্টোবর) বেলা পৌনে ১২টায় চৌমাথা বাজারের সম্মুখভাগ থেকে এ অভিযান শুরু হয়। পরে বাজারের চারপাশের বিভিন্ন এলাকা, ঐতিহ্যবাহী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজসংলগ্ন সড়ক এবং চৌমাথা লেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ শিকদার, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন এবং হাট-বাজার শাখার প্রধান রেজাউল উপস্থিত ছিলেন।
নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে যান চলাচল ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ধরনের অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে সড়ক ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান নগরবাসীর স্বাভাবিক চলাচল ও শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.