আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠি পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু বলেন, গতকাল আদালত থেকে যুবলীগের এক নেতা জামিনে বের হয়ে যাওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। এ বিষয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান তাঁর বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তারা যেন ঘরে থাকেন এবং অতীতে সংঘটিত কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে বের হলে ঝালকাঠির সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. দ্বীন ইসলাম মিয়া, সহ-সভাপতি মো. রিয়াজ হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন খলিফা এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.