জমিজমা নিয়ে বিরোধ মেটাতে বসেছিল সালিশ বৈঠক। সেখানে কাগজপত্র নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার অভিযোগ উঠেছে। এতে ধারালো অস্ত্র ও চাইনিজ কুড়ালের আঘাতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রাজগুরু গ্রামের আবদুর রহমান ডাক্তার এবং তাঁর দুই ছেলে মো. মিজানুর রহমান (৩৮) ও মো. রাকিব (২৬)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে মিজানুর রহমান ও আবদুর রহমান চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও রাকিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজগুরু গ্রামে জমিজমা নিয়ে কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের মীমাংসায় মঙ্গলবার স্থানীয় সালিশকারীদের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে বৈঠক বসে। সেখানে জমির কাগজপত্র নিয়ে আলোচনা চলছিল। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
আহত মিজানুর রহমানের ভাষ্য, সালিশ বৈঠকে তাঁদের পক্ষের জমির কাগজপত্র সালিশকারীদের কাছে জমা দেওয়া হয়। অপর পক্ষের কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে আ. সালাম সরদার উত্তেজিত হয়ে ওঠেন। পরে আ. সালাম সরদার, তাঁর ছেলে শামীম সরদার, মো. রেজাউল সরদার, রাসেল সরদার ও জসিম সরদারসহ কয়েকজন ধারালো অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁর বাবা আবদুর রহমান ডাক্তার, তিনি নিজে ও তাঁর ছোট ভাই রাকিব আহত হন।
হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তবে হামলার অভিযোগের বিষয়ে আ. সালাম সরদারসহ অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর তাঁরা এলাকায় না থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বাবুগঞ্জ থানার সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.