ঝালকাঠির গাবখান নদীর তীব্র ভাঙন রোধ, বসতবাড়ি ও ঐতিহাসিক মসজিদ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। নদীর করাল গ্রাসে ইতিমধ্যে অর্ধশতাধিক পরিবার ও একটি জামে মসজিদ চরম হুমকির মুখে পড়েছে। জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিয়ে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজ শেষে ঝালকাঠি শহরের গাবখান ব্রিজের উত্তর পাশ থেকে পার্শ্ববর্তী নগর খাল পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
স্থানীয়রা বলেন দীর্ঘদিন ধরে গাবখান নদীর তীর ভাঙলেও সংশ্লিষ্টদের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। বর্তমানে নদীর ভাঙন রূপ নিয়েছে উগ্রমূর্তিতে। প্রতিদিনই নদীর পাড় ভেঙে বসতভিটার আরও গভীরে পানি প্রবেশ করছে।
এর ফলে নদীতীরবর্তী ৫০টিরও বেশি পরিবার এবং স্থানীয় মৌলভীবাড়ি জামে মসজিদটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ভাঙন রোধ করা না হলে ঘরবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি
অ্যাডভোকেট আক্কাস শিকদার , ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু।
মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ
বলেন, "ঝালকাঠির বিভিন্ন নদীতীরবর্তী এলাকায় নদীভাঙন দীর্ঘদিনের একটি বড় সমস্যা। গাবখান নদীর এই অংশে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে বহু অসহায় পরিবার তাদের শেষ সম্বল বসতভিটাও হারাতে বাধ্য হবেন।"
এ সময় তারা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে চরম আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.