ঝালকাঠিতে ১৪ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত আটক
ঝালকাঠিতে ১৪ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত আটক
- আপডেট সময় : ১২:৪৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামে ১৪ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে মো. রফিকুল ইসলাম সোহেল (৪০)নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রফিকুল ইসলাম সোহেল মুন্সী গোবিন্দ ধবল গ্রামের মৃত রশিদ মুন্সির ছেলে।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট) বিকেলে শিশুটি বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে অভিযুক্ত সোহেল তাকে ডেকে গোবিন্দধবল গ্রামের একটি পরিত্যক্ত স্কুলের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটির হাত-পা ও মুখ বেঁধে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভয়ে প্রথম দুই দিন বিষয়টি পরিবারকে জানায়নি ভুক্তভোগী শিশুটি। পরবর্তীতে শুক্রবার ২১ আগস্ট সকালে সে তার মাকে বিষয়টি জানিয়ে বলে, “লোকটা ভালো না, ও আমাকে মেরে ফেলবে।”
শিশুর মুখে এ কথা শোনার পর পরিবারের সদস্যরা তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ করেন এবং বিস্তারিত জানতে চান। পরে শিশুটি পুরো ঘটনা খুলে বললে তার মা তাকে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় এবং দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মো. রফিকুল ইসলাম সোহেলকে আটক করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ হাসান জানান, “অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সোহেলের বিরুদ্ধে এর আগেও এ ধরনের নানা অপকর্মের অভিযোগ ছিল। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।























