বাবুগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ, চিকিৎসার জন্য সাহায্য চান তার মা
বাবুগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ, চিকিৎসার জন্য সাহায্য চান তার মা
- আপডেট সময় : ০৬:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে উঠে সবুজ হাওলাদার (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাহেরচর বাঁশতলা এলাকার হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সবুজ হাওলাদার ওই এলাকার মৃত তাহের আলী হাওলাদারের ছেলে। তিনি গতকাল ৩৩ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের প্রায় ৫০ শতাংশ মারাত্মকভাবে পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
সবুজের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার পরিবারে বৃদ্ধা মা ছাড়া আর কেউ নেই। ভিটেমাটি সম্বলহীন এই পরিবারের পক্ষে সুচিকিৎসার বিপুল খরচ বহন করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে। পাশে দাঁড়ানোর মতো নিকটতম কোনো আত্মীয়স্বজনও নেই বলে জানান সবুজের মা। তিনি তার একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবান মানুষের সাহায্য প্রার্থনা করেছেন।




















