বরিশালের বাবুগঞ্জে টানা বৃষ্টিতে আড়িয়াল খাঁ নদে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। এতে রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে একদিনেই অন্তত ১০টি পরিবারের বসতঘর, গাছপালা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হঠাৎ ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীতীরবর্তী মানুষ।
ভাঙনের খবর পেয়ে বুধবার (১৯ আগস্ট) সকালে প্রবল বর্ষণ উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেন।
মঙ্গলবার বিকেলে লোহালিয়া গ্রামের নদীতীরবর্তী প্রায় ১০০ ফুট এলাকায় ফাটল দেখা দেয়। সন্ধ্যার দিকে চোখের পলকে প্রায় ৫০ ফুট সড়কসহ ১০টি বসতঘর, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। অনেক পরিবার ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নেওয়ার সুযোগও পায়নি। বসতভিটা ও সম্পদ হারিয়ে ভাঙনকবলিত পরিবারের সদস্যরা বিলাপ করছেন।
স্থানীয়রা জানান, শনিবার থেকে এ অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আড়িয়াল খাঁ নদে পানি বেড়ে যাওয়ার পর ভাঙনের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে যাচ্ছে বসতঘর, গাছপালা, ফসলি জমি ও সড়কের অংশ।
রহমতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন পুতুল বলেন, রোববার সন্ধ্যায় চোখের পলকে লোহালিয়া গ্রামের ১০টি বসতভিটা, ঘরবাড়ি ও সড়কের অংশ নদীতে বিলীন হয়ে যায়। মোহাম্মদ কলম সরদার, আজহার মোল্লা, মতলব হাওলাদার, হাকিম হাওলাদার, মোহাম্মদ হাসিব, সুফিয়া বেগম, কালাম সরদার ও সামসু হাওলাদারসহ অনেকের ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে চলে গেছে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, “আড়িয়াল খাঁ নদে আকস্মিক ভাঙনের খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ভাঙনকবলিত এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে আরও দুর্ভোগের শিকার না হয়, সে বিষয়েও উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন সিকদার, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, মোহাম্মদ শাহিন হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, আকস্মিকভাবে পানি বেড়ে যাওয়ায় আড়িয়াল খাঁ নদে ভাঙন দেখা দিয়েছে। এতে বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গেছে। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা স্থায়ীভাবে নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.